বিশেষ প্রতিনিধিঃ
তরুণদের সামাজিক নেতৃত্ব বিকাশ, মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠন এবং জনকল্যাণমূলক কার্যক্রমে যুবসমাজকে সম্পৃক্ত করার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে “ইউথ কমিউনিটি ঢাকা-১১”। একই সঙ্গে সংগঠনটির কমিটিও ঘোষণা করা হয়েছে।
আজ ২০শে জুন, উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ও বিএনপির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক ড. এম এ কাইয়ুম। অনুষ্ঠানে ঢাকা-১১ আসনের রাজনেতিক ব্যক্তি, সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, তরুণ-যুবক এবং শিক্ষার্থীরা অংশ নেন।
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে ড. এম এ কাইয়ুম বলেন, শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা অর্জন করলেই হবে না, শিক্ষার পাশাপাশি মানবিক ও সামাজিক মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে। সমাজ ও দেশের কল্যাণে তরুণদের সক্রিয় ভূমিকা রাখতে হবে।
তিনি বলেন, যুবসমাজকে সঙ্গে নিয়ে ঢাকা-১১ আসনকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত একটি আদর্শ সমাজে পরিণত করার লক্ষ্যেই এই অরাজনৈতিক প্ল্যাটফর্ম গঠন করা হয়েছে। এখানে কে কোন রাজনৈতিক দলের সমর্থক, সেটি মুখ্য নয়। আমাদের মূল লক্ষ্য হলো ঢাকা-১১ এলাকাকে একটি আদর্শ ও উন্নত জনপদ হিসেবে গড়ে তোলা।
দলের ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক ড. কাইয়ুম আরও বলেন, বর্তমান সময়ে তরুণদের জন্য কর্মমুখী ও ইতিবাচক পরিবেশ তৈরি করা অত্যন্ত জরুরি। এজন্য সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে যুবসমাজকে সম্পৃক্ত করতে হবে। তাদের নেতৃত্বের বিকাশ ঘটাতে হবে এবং সমাজের কল্যাণে কাজ করার সুযোগ সৃষ্টি করতে হবে।
তিনি বলেন, আমরা এমন একটি সমাজব্যবস্থা গড়ে তুলতে চাই, যেখানে প্রবীণদের অভিজ্ঞতা এবং তরুণদের উদ্যম একসঙ্গে কাজ করবে। সমাজ পরিবর্তনের যে উদ্যোগ নেওয়া হয়েছে, তা বাস্তবায়নে সমাজের মুরুব্বিদের পাশাপাশি তরুণরাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সোসাইটি ভিত্তিক সমাজ গঠনের কমিটিতে তাদের অন্তর্ভুক্ত করা হবে এবং কাজ করার পর্যাপ্ত সুযোগ দেওয়া হবে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের বিভিন্ন সমস্যা সমাধানে তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করা গেলে ইতিবাচক পরিবর্তন সম্ভব। মাদকাসক্তি, কিশোর গ্যাং, সন্ত্রাস, সামাজিক অবক্ষয় এবং বেকারত্বের মতো চ্যালেঞ্জ মোকাবিলায় যুবসমাজকে সংগঠিত করার বিকল্প নেই। “ইউথ কমিউনিটি ঢাকা-১১” এসব বিষয়ে সচেতনতা বৃদ্ধি, সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা এবং তরুণদের দক্ষতা উন্নয়নে কাজ করবে।
আয়োজকরা জানান, সংগঠনটি সম্পূর্ণ অরাজনৈতিক ও জনকল্যাণমূলক একটি প্ল্যাটফর্ম হিসেবে পরিচালিত হবে। এর মাধ্যমে শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি, স্বেচ্ছাসেবা, পরিবেশ সংরক্ষণ এবং মানবিক সহায়তামূলক বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি এলাকার তরুণদের নেতৃত্ব বিকাশে প্রশিক্ষণ ও বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হবে।
ঢাকা-১১ আসনের গণমানুষের নেতা ড. এম এ কাইয়ুম আশাবাদ ব্যক্ত করে বলেন, এই প্ল্যাটফর্মের মাধ্যমে অনেক তরুণ ভবিষ্যতে দক্ষ সংগঠক ও নেতৃত্ব হিসেবে গড়ে উঠবে। সমাজ ও দেশের উন্নয়নে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা সবাই মিলে একটি সুন্দর, নিরাপদ ও মানবিক সমাজ গঠনে কাজ করব, ইনশাআল্লাহ।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে নবঘোষিত কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেওয়া হয় এবং সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরা হয়।