
শিহাব মিয়া,
মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জ-১ (ধর্মপাশা, জামালগঞ্জ, তাহিরপুর ও মধ্যনগর) আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী এবং কৃষকদলের কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক আনিসুল হক বলেছেন, “সবাই ঐক্যবদ্ধভাবে ধানের শীষকে বিজয়ী করতে চাই।”
তিনি আরও বলেন, “ধানের শীষ শুধু একটি নির্বাচনী প্রতীক নয়—এটি গণতন্ত্র, মানুষের অধিকার ও মুক্তির প্রতীক। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের প্রতীকও এটি। ধানের শীষ বিজয়ী হলে জনগণের আকাঙ্ক্ষানুযায়ী দেশ পরিচালিত হবে।”
মঙ্গলবার বিকেলে জামালগঞ্জ উপজেলার সাচনা বাজার বটতলায় অনুষ্ঠিত নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। প্রার্থী আনিসুল হক আরও বলেন, দলের সিদ্ধান্ত সবারই মেনে চলা উচিত। ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবাইকে সর্বাত্মক ভূমিকা রাখতে হবে।
পথসভাকে ঘিরে দুপুর থেকেই সাচনা বাজার ছিল উৎসবমুখর। খণ্ড খণ্ড মিছিল, ঢোল–করতাল, নাচ–গানসহ নেতাকর্মীদের উপস্থিতিতে পুরো বাজার কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঢল পথসভাকে উত্তাল করে তোলে।
সভায় জামালগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি নুরুল হক আফিন্দী বলেন, “আসন্ন জাতীয় নির্বাচন বিএনপির জন্য বড় চ্যালেঞ্জ। সব ভেদাভেদ ভুলে দলীয় প্রার্থীকে বিজয়ী করতে হবে। বর্তমানে সুনামগঞ্জ-১ আসনে ধানের শীষের প্রতি সাধারণ মানুষের সমর্থন চোখে পড়ার মতোভাবে বাড়ছে।” তিনি আরও বলেন, “জনগণের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে অতীতের রক্ত, ত্যাগ আর বঞ্চনার কথা মনে রেখে বিএনপিকে সামনে এগোতে হবে।”
জামালগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক শফিকুর রহমানের সভাপতিত্বে এবং আহ্বায়ক কমিটির সদস্য গোলাম রাব্বানী আফিন্দীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।