
বিশেষ প্রতিনিধিঃ
বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্ট রিপোর্টার্স কাউন্সিল (বি.আই.আর.সি) সাংবাদিকদের ন্যায্য অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে ১১ দফা দাবি ঘোষণা করেছে। সংগঠনের নেতৃবৃন্দ বলেছেন, সংবাদপত্র ও গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হলেও সাংবাদিকরা আজও অবহেলা, শোষণ ও নানা ধরনের নির্যাতনের শিকার। এ অবস্থায় সাংবাদিকদের অধিকার বাস্তবায়ন সময়ের দাবি।
বি.আই.আর.সি ঘোষিত ১১ দফা দাবির মধ্যে উল্লেখযোগ্য হলো— সংবাদ প্রকাশে স্বাধীনতা নিশ্চিতকরণ, সাংবাদিক নিরাপত্তা আইন প্রণয়ন, ওয়েজ বোর্ড অনুযায়ী ন্যায্য বেতন কাঠামো বাস্তবায়ন, চুক্তিভিত্তিক শোষণ বন্ধ করে স্থায়ী নিয়োগ নিশ্চিত করা, প্রেস কাউন্সিলকে শক্তিশালী করা, মতপ্রকাশের স্বাধীনতায় আঘাত হানে এমন আইন সংস্কার, সাংবাদিকদের জন্য আইনগত সহায়তা ফান্ড গঠন, প্রশিক্ষণ ও আধুনিক প্রযুক্তিতে দক্ষতা বৃদ্ধি, নিহত সাংবাদিক পরিবারের পুনর্বাসন, সাংবাদিকদের জন্য পেনশন ও বিমা সুবিধা চালু এবং সাংবাদিক সংগঠনের স্বাধীনতা রক্ষা।
সংগঠনের নেতারা আরও বলেন, সাংবাদিকদের জীবন ও জীবিকার নিরাপত্তা নিশ্চিত না হলে স্বাধীন সাংবাদিকতা ও গণতন্ত্র হুমকির মুখে পড়বে। তাই সাংবাদিকদের অধিকার রক্ষায় সরকারের পাশাপাশি সব গণমাধ্যম প্রতিষ্ঠানকেও এগিয়ে আসতে হবে।