
শিহাব মিয়া,
মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জ-১ (তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও মধ্যনগর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আনিসুল হকের সমর্থনে জামালগঞ্জে বিশাল ও বর্ণাঢ্য গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৩ নভেম্বর) বিকেলে উপজেলার সাচনাবাজারে অনুষ্ঠিত এ গণমিছিলে অংশ নেন হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষ।
এর আগে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিল এসে সাচনাবাজারে সমবেত হয়। পুরো পথজুড়ে ছিল উচ্ছ্বাস, গান, স্লোগান আর নাচ–গানে মুখরিত জনস্রোত। কৃষক, শ্রমিক, তরুণ–তরুণীসহ নানা শ্রেণিপেশার মানুষ ধানের শীষের পক্ষে তাদের সমর্থন প্রকাশ করেন।
গণমিছিল শেষে এক পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় বক্তারা বলেন, “সুনামগঞ্জ-১ আসনে মনোনয়নের জন্য ছয়জন যোগ্য নেতা প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তাদের মধ্য থেকে যাচাই–বাছাই করে দল আনিসুল হককে মনোনয়ন দিয়েছে। এখন আমাদের দায়িত্ব দলীয় শৃঙ্খলা রক্ষা করে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের প্রার্থীকে বিজয়ের পথে এগিয়ে নেওয়া।”
বক্তারা আরও বলেন, “যারা মনোনয়ন পাননি, তাদেরও দল যথাযথ মূল্যায়ন করবে। ব্যক্তিগত মতভেদ ভুলে সবার ঐক্যবদ্ধভাবে মাঠে নামা প্রয়োজন।”
পথসভায় বক্তব্য দেন জামালগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক শফিকুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহ মো. শাহজাহান, ভীমখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তারুজ্জামান এবং সাচনাবাজার ইউনিয়নের চেয়ারম্যান মো. মাসুক মিয়া প্রমুখ।
জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো সাচনাবাজার এলাকা উৎসবের আমেজে রূপ নেয়, যা আগামী নির্বাচনে ধানের শীষের পক্ষে শক্তিশালী গণসমর্থনের ইঙ্গিত দেয়।