
শিহাব মিয়া,
মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার কাইটাকোনায় আনন্দ–উৎসব ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে খ্রীস্টান সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ বার্ষিক উৎসব খ্রীস্ট রাজার পর্ব ওয়ানগালা–২০২৫।
রোববার (২৩ নভেম্বর) সকাল ১০টায় কাইটাকোনা সাধু মাটিয়াস গীর্জায় পবিত্র প্রার্থনার মধ্য দিয়ে উৎসবের সূচনা হয়। দিনব্যাপী এ আয়োজনে গীর্জার পাদ্রী, স্থানীয় ধর্মযাজক, বিভিন্ন গীর্জার ভক্ত, তরুণ–তরুণীসহ শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ধর্মোপদেশ, কৃতজ্ঞতা জ্ঞাপন, সমবেত কোরাস, পাপমোচন আচার, আশীর্বাদসহ নানা ধর্মীয় রীতি পালন করা হয়।
উৎসবকে ঘিরে গারো সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ঢোল, বাঁশি, করতালের তালে নৃত্য এবং রঙিন সাংস্কৃতিক পরিবেশনায় গীর্জা প্রাঙ্গণ যেন ছোট্ট এক উৎসবমঞ্চে রূপ নেয়। অংশগ্রহণকারীদের মুখে ছিল আনন্দ, ভক্তি ও ঐতিহ্যের গর্ব।
স্থানীয় আদিবাসী নেতৃবৃন্দ শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদারের আহ্বান জানিয়ে বলেন, ওয়ানগালা শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়—এটি আমাদের সংস্কৃতি, ঐতিহ্য ও সহাবস্থানের প্রতীক।
প্রার্থনা ও আশীর্বাদের মধ্য দিয়ে শেষ হয় মধ্যনগরের এই বছরের সবচেয়ে বড় ধর্মীয় ও সাংস্কৃতিক আয়োজন ওয়ানগালা–২০২৫।