
মোঃ শাহজাহান বাশার,
কুমিল্লা জেলা বুড়িচংয়ে ভারত-বাংলাদেশ সীমান্তের জিরো পয়েন্ট পাঁচ পিলার থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে বিজিবি। মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুর ২টার দিকে সীমান্তের জামতলা-কালিকৃষ্ণনগর এলাকার পাঁচ পিলার থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, লাশের বয়স আনুমানিক ৫০ বছর। কয়েক দিন ধরে স্থানীয়রা তাকে ওই এলাকায় ঘুরতে দেখেছেন। তবে লাশে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি এবং কীভাবে তার মৃত্যু হয়েছে তা এখনও জানা যায়নি।
বুড়িচং থানার ওসি শাহিনুল ইসলাম জানান, “আজ দুপুরে বিজিবির কাছ থেকে খবর পেয়ে অজ্ঞাত লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।”
প্রত্যক্ষদর্শীরা বলেন, দুই-তিন দিন ধরে ওই ব্যক্তি ঘটনাস্থল এলাকায় ঘুরছিলেন। মৃত্যুর কারণ রহস্যজনক হলেও স্থানীয়রা কেউ কোনো সন্দেহজনক ঘটনা লক্ষ্য করেননি।
পুলিশ ও বিজিবি এই বিষয়ে তদন্ত শুরু করেছে এবং লাশের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।