
হামিদুর রহমান,
তানোর (রাজশাহী)প্রতিনিধি :
রাজশাহীর তানোর উপজেলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ–২০২৫ উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ নভেম্বর ২০২৫) সকাল ১০টায় তানোর উপজেলা পরিষদ চত্বরে প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দিনব্যাপী এ আয়োজনকে কেন্দ্র করে খামারি, কৃষক, শিক্ষার্থী, পল্লী চিকিৎসক, জনপ্রতিনিধি ও নানা শ্রেণিপেশার মানুষের উপস্থিতিতে উপজেলা পরিষদ প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা খান। তিনি বলেন—
“প্রাণিসম্পদ খাতকে আধুনিক, টেকসই ও প্রযুক্তিনির্ভর করার লক্ষ্যে সরকার নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। খামারিরা প্রশিক্ষণ ও পরামর্শ গ্রহণের মাধ্যমে নিজেদের দক্ষতা উন্নত করলে দেশের খাদ্য নিরাপত্তা আরও সমৃদ্ধ হবে।”
উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. ওয়াজেদ আলী। তিনি জানান, প্রাণিসম্পদ খাতকে এগিয়ে নিতে খামারিদের প্রশিক্ষণ, রোগ নির্ণয়ে আধুনিক ব্যবস্থা এবং পরামর্শ সেবার ওপর গুরুত্ব আরোপ করা হচ্ছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
তানোর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিব শংকর বসাক। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) বার্নাবাস হাসদা। উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ আহমেদ
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সাজু চৌধুরী। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী জাকির হোসেন। ভেটেরিনারি সার্জন ডা. সুমন মিঞা।
এ ছাড়াও স্থানীয় সাংবাদিক, খামারি, পল্লী চিকিৎসক, কৃষক এবং প্রাণিসম্পদ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা মাহাবুবুল আলম সরকার।
বক্তারা বলেন—
‘নীরোগ জাত, আধুনিক প্রযুক্তি—প্রাণিসম্পদ হবে শক্তিশালী’ প্রতিপাদ্যকে সামনে রেখে খামার ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। দুধ, ডিম ও মাংস উৎপাদন বৃদ্ধি, রোগ প্রতিরোধ ও সুষ্ঠু খামার ব্যবস্থাপনায় সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগ তুলে ধরা হয়।
উপস্থিত কৃষক ও খামারিদের উদ্দেশে বক্তারা আরও বলেন—
আধুনিক পালনের নিয়ম,
রোগ প্রতিরোধ ও সঠিক টিকা ব্যবস্থাপনা,
প্রযুক্তিনির্ভর খামার পরিচালনা,
প্রাণির পুষ্টি ও উৎপাদনশীলতা বৃদ্ধি
এসব বিষয়ে তারা বাস্তবমুখী পরামর্শ ও নির্দেশনা প্রদান করেন।
আয়োজকরা জানান, তানোর উপজেলায় ১ সপ্তাহব্যাপী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ–২০২৫ উদ্যাপন করা হবে। কর্মসূচির মধ্যে রয়েছে—
খামারিদের নিয়ে প্রশিক্ষণ
বিনামূল্যে পরামর্শ সেবা
রোগ নির্ণয় ক্যাম্প।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ওয়াজেদ আলী বলেন—
“সপ্তাহব্যাপী কার্যক্রমের মাধ্যমে খামারিদের হাতে-কলমে প্রশিক্ষণ ও সহায়তা প্রদান করা হবে। এতে প্রাণিসম্পদ খাত আরও শক্তিশালী হবে। অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকলের জন্য ট্রিশাট, প্যাড, কলমসহ প্রয়োজনীয় উপহার দেওয়া হয়। এছাড়া দুপুরের খাবারেরও ব্যবস্থা করে আয়োজক কর্তৃপক্ষ।